রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন ঘটনায় ২৬টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ৩৬ জন, ওয়ারী বিভাগে ৭৯ জন, মতিঝিল বিভাগে ৮৩ জন, তেজগাঁও বিভাগে ১০১ জন, মিরপুর বিভাগে ৯৬ জন, গুলশান বিভাগে ৩৬ জন এবং উত্তরা বিভাগে ৩৭ জন রয়েছেন।

এ ছাড়া গোয়েন্দা বিভাগ তিনজন এবং সিটিটিসি বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ১২৫ পিস ইয়াবা, ১০৪ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, মাদক বিক্রির নগদ ৪৭ হাজার টাকা, একটি ডিজিটাল স্কেল, ১১টি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া তিনটি ধারালো ছোরা, পরিত্যক্ত পাঁচ রাউন্ড গুলির খোসা এবং ৩৫ লাখ বাংলাদেশি জাল টাকা উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।