রোহিঙ্গা সংকট এখন শুধু মানবিক সমস্যার মধ্যে সীমাবদ্ধ নেই; এটি বাংলাদেশের ওপর বড় চাপ তৈরির পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি বাড়াচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশনের আয়োজনে রোহিঙ্গা সংকট থেকে উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল নিয়ে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের নয় বছরের বেশি সময় হতে চলেছে। এ পরিস্থিতিতে শুধু সংকট ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। রাখাইনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে। এজন্য জাতীয় ও আন্তর্জাতিক কৌশল নতুনভাবে পুনর্নির্ধারণ বা ‘রি-ফ্রেমিং’ করা জরুরি।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক মহলের অব্যাহত সহযোগিতা প্রয়োজন। বিশ্বের অন্যান্য সংঘাতের কারণে রোহিঙ্গা ইস্যু যেন আড়ালে চলে না যায়, সে বিষয়ে জাতিসংঘসহ প্রভাবশালী দেশ ও মানবাধিকার সংস্থাগুলোকে নজর রাখতে হবে।
সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।





