শুধু রাজনৈতিক পরিবর্তন বা সংস্কারের মাধ্যমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও জবাবদিহিমূলক করতে আমলাতন্ত্রসহ প্রতিটি ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আয়োজিত শরৎ উৎসব ও নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
কায়সার কামাল বলেন, ১৯৯১ সালে রাজনৈতিক সংস্কারের মধ্য দিয়ে দেশে সংসদীয় গণতন্ত্রের সূচনা হয় এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এসব পরিবর্তনের পরও জনগণের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ গড়ে ওঠেনি।
তার মতে, রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন আনা হলেও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জিত হয়নি। প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণেই একপর্যায়ে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
ডেপুটি স্পিকার বলেন, কেবল রাজনৈতিক নেতৃত্ব বা সরকার পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। একটি সুশৃঙ্খল ও কার্যকর রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে প্রশাসনসহ সব প্রতিষ্ঠানের কাঠামোগত সংস্কার জরুরি।
সরকারি কার্যক্রমে আমলাতান্ত্রিক জটিলতা দূর করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, লাল ফিতার দৌরাত্ম্য কমাতে হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে পেশাদারত্ব নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি সেবার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা ও জবাবদিহি বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
সরকারের কার্যক্রম আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের বিষয়েও গুরুত্বারোপ করেন কায়সার কামাল।
তিনি বলেন, সংসদকে রাষ্ট্রের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। এর মাধ্যমে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যক্রমের ওপর কার্যকর নজরদারি প্রতিষ্ঠা করা সম্ভব।
ডেপুটি স্পিকারের মতে, রাজনৈতিক সংস্কারের পাশাপাশি প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়ন করা গেলে রাষ্ট্রীয় ব্যবস্থাকে আরও দক্ষ, কার্যকর ও জবাবদিহিমূলক করে গড়ে তোলা সম্ভব হবে।
শুধু রাজনৈতিক সংস্কার নয়, কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে আমলাতন্ত্রেও পরিবর্তন জরুরি: ডেপুটি স্পিকার
বাংলাদেশ২৪৭ নিউজ ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬
৬ দিন আগে
শেয়ার করুন:

জাতীয়
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




