প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তুলেছেন, একই ধরনের পরিস্থিতি ভারতের ক্ষেত্রে তৈরি হলে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফর করতেন কি না।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর সমাপনী দিনে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, তিনি প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আশাবাদী এবং প্রধানমন্ত্রী কখনো বলেননি যে তিনি ভারত যাবেন না। নতুন একটি সরকারের চ্যালেঞ্জ বুঝতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনাকে নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘২ হাজার মানুষ হত্যা করে একজন সন্ত্রাসী (শেখ হাসিনা) ভারতে পালিয়ে গেছেন, ৩ থেকে ৪ হাজার মানুষ গুম করে ওখানে (ভারতে) গিয়ে বসে আছে। আবার উনি ওখানে বসে গালি দিচ্ছে বা ওখান থেকে বিরক্ত করার চেষ্টা করবে। এমন পরিবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখানে আসতেন?’
তিনি আরও বলেন, ‘যাই হোক, আমরা কথাবার্তার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাব, ইতিবাচক হবে এবং আমি আশাবাদী একটা সফর হবে (প্রধানমন্ত্রীর)।’
প্রধানমন্ত্রীর সফরের জন্য সহায়ক পরিবেশ কীভাবে তৈরি হবে—এমন প্রশ্নে হুমায়ুন কবির বলেন, আলোচনা ও যোগাযোগের মাধ্যমে বিদ্যমান চ্যালেঞ্জগুলোর ইতিবাচক সমাধানে পৌঁছানো সম্ভব। দুই দেশের মধ্যে সংলাপ ও সম্পৃক্ততা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ঐটা তো কালকে-পরশুর তারিখ দিয়ে হবে না। যেটা বাংলাদেশের জন্য ভালো, সেটাই হবে। যেটা বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য ভালো ঐটাতেই আমরা যাব।’
গঙ্গা চুক্তি নবায়নের বিষয়ে তিনি বলেন, দুই দেশের জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে দুই সরকার আলোচনায় বসবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে এবং এ বিষয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে বলে এর আগেও জানিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।





