রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিনের মৃত্যুর ঘটনায় করা মামলায় মো. রাকিব হোসেন (২৪) নামে এক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার।
তিনি জানান, মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত রাকিব হোসেনকে জামিন দিয়েছেন আদালত। জামিনের জন্য পাঁচ হাজার টাকার মুচলেকা নির্ধারণ করা হয়েছে।
আইনজীবী মেহেদী হাসান বলেন, রাকিবের বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিগগিরই তিনি কারাগার থেকে মুক্তি পেতে পারেন।
এর আগে গত ২৯ আগস্ট ভোরে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারান বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিলা পারভিন (৫৬)।
জানা গেছে, চিকিৎসার উদ্দেশ্যে স্বামী আবদুল মতিনের সঙ্গে ঢাকায় এসেছিলেন তিনি। ভোরে কল্যাণপুর বাস টার্মিনালে নেমে দুজন ব্যাটারিচালিত রিকশায় করে হাসপাতালে যাচ্ছিলেন।
রিকশাটি জাতীয় সংসদ ভবন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রনজিলার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে রিকশা থেকে সড়কে ছিটকে পড়েন রনজিলা। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী আবদুল মতিন বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলায় গ্রেপ্তার আসামি রাকিব হোসেনের জামিন আবেদন শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন।