বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে বিরোধী দলের জনস্বার্থসংশ্লিষ্ট নোটিশ ও বক্তব্য যথাযথ গুরুত্ব পাচ্ছে না।
তিনি বলেন, সংসদে বিরোধী দলের নোটিশ ও বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হয়েছে বিরোধী দল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াত বিটের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান দাবি করেন, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের মাধ্যমে সরকারের জনগণের কাছে গ্রহণযোগ্যতা অর্জনের সুযোগ ছিল। তবে সরকার সেই পথে না যাওয়ায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে জামায়াত আমির বলেন, তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে সরকার আশপাশের দেশগুলোর সঙ্গে তুলনা করছে। তবে বাংলাদেশের অর্থনীতি প্রতিবেশী দেশগুলোর মতো বড় নয় বলেও মন্তব্য করেন তিনি।





