সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। ১ সেপ্টেম্বর টাকা ফেরতের জন্য আবেদন করা গ্রাহকদের মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) অর্থ দেওয়া হচ্ছে। তবে পরবর্তী দিনগুলোতে আবেদন করা গ্রাহকদের নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

গ্রাহকদের চাহিদা অনুযায়ী ব্যাংকের শাখাগুলোতে প্রয়োজনীয় অর্থ সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাশাপাশি জরুরি প্রয়োজন বিবেচনায় কিছু গ্রাহককে নির্ধারিত সময়ের আগেও অর্থ তোলার সুযোগ দেওয়া হচ্ছে।

নয়াপল্টন শাখায়, যা সাবেক গ্লোবাল ইসলামী ব্যাংকের শাখা, টাকা তুলতে আসা এক নারী গ্রাহক জানান, তিনি ৩ সেপ্টেম্বর অর্থ ফেরতের জন্য আবেদন করেছিলেন। তবে তার সন্তান অসুস্থ হওয়ায় জরুরি ভিত্তিতে ২০ হাজার টাকা প্রয়োজন হয়।

বিষয়টি শাখা ব্যবস্থাপককে জানানোর পর তাকে ২০ হাজার টাকা তোলার অনুমতি দেওয়া হয়। জরুরি প্রয়োজনের অর্থ হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেন ওই গ্রাহক।

অন্যদিকে টাকা তুলতে আসা আরেক গ্রাহককে নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে। তিনি জানান, এর আগেও কয়েকবার টাকা তুলতে এসে তাকে ফিরে যেতে হয়েছে। এবার শাখায় এসে জানতে পারেন, ৩ সেপ্টেম্বর আবেদন করায় আরও দুই দিন পর তিনি টাকা তুলতে পারবেন।

সম্মিলিত ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা জানান, ১ সেপ্টেম্বর আবেদন করা গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার আগে তাদের ঋণসংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কোনো একটিতে সংশ্লিষ্ট গ্রাহকের খেলাপি ঋণ রয়েছে কি না, তা একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে।

আরেক কর্মকর্তা জানান, কোনো গ্রাহকের খেলাপি ঋণ না থাকলে তিনি নিয়ম অনুযায়ী টাকা তুলতে পারবেন। পুরো প্রক্রিয়াটি বাংলাদেশ ব্যাংক তদারকি করছে।

আমানতকারীদের আতঙ্কিত না হয়ে ব্যাংকে অর্থ রাখার আহ্বান জানিয়ে ওই কর্মকর্তা বলেন, ব্যাংকটির দায়িত্ব এখন সরকার নিয়েছে এবং বাংলাদেশ ব্যাংক পুরো কার্যক্রম তদারকি করছে। ফলে আমানতকারীদের অর্থ নিয়ে কোনো সমস্যা হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।