স্বাস্থ্য অধিদফতরের আওতাধীন বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে শূন্য থাকা ৩৪ হাজার ৭১৪টি পদ দ্রুত পূরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।
সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে জনস্বার্থে এসব পদে দ্রুত নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠিতে স্বাস্থ্য অধিদফতরের এমআইএসের মানবসম্পদ তথ্যব্যবস্থার (এইচআরআইএস) তথ্য তুলে ধরে বলা হয়, ১১ থেকে ১৬তম গ্রেডে ২০ হাজার ৮১৬টি এবং ১৭ থেকে ২০তম গ্রেডে ১৩ হাজার ৩৮৯টি পদ শূন্য রয়েছে। চিঠিতে মোট শূন্য পদের সংখ্যা ৩৪ হাজার ৭১৪ উল্লেখ করা হয়েছে।
শূন্য পদগুলো স্বাস্থ্য অধিদফতরের অধীন বিভাগীয় কার্যালয়, মেডিক্যাল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয়, জেলা সদর হাসপাতাল, ১০০, ২৫০ ও ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, দীর্ঘদিনের জনবল সংকট স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিরূপ প্রভাব ফেলছে। এ কারণে শূন্য পদগুলো দ্রুত পূরণে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠির অনুলিপি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দফতরগুলোতেও পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, শূন্য পদগুলো পূরণ হলে স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের জনবল সংকট কিছুটা কমবে এবং হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে সেবা কার্যক্রম আরও গতিশীল হবে।


