দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৬ আগস্ট পর্যন্ত হাম ও হামের মতো উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৮ জনে।

রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১০১ শিশু হাম ও হামসদৃশ উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে পরীক্ষাগারে ৮০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। বাকি ১ হাজার ২১ জনের মধ্যে হামের বিভিন্ন উপসর্গ দেখা গেছে।

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৬৩ শিশুকে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৮৫০ জন। ফলে আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে আসা শিশুর সংখ্যা এখনো উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৬ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮০৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্ত আরও ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে পাঁচ মাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮ জনে।

এই সময়ে সারা দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৯৭ জনে। তাদের মধ্যে পরীক্ষা-নিরীক্ষায় ১৭ হাজার ৮৮০ জনের হাম শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত আক্রান্ত ও উপসর্গযুক্ত ১ লাখ ২৪ হাজার ৪৫৭ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ১৯ হাজার ৯৩৯ জন।

স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, নতুন আক্রান্ত ও হাসপাতালে ভর্তির সংখ্যা এখনো উদ্বেগজনক। বিশেষ করে শিশুদের মধ্যে মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় টিকাদান কার্যক্রম জোরদার, দ্রুত রোগ শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।