হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯০৯ জনে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়নি। তবে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে মারা গেছেন ১০০ জন। সব মিলিয়ে হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯ জনে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ১৬৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনে।

একই সময়ে নতুন করে ২৯ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৯ হাজার ৯৩৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া সাতজনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের। এ ছাড়া সিলেট, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশে হাম সংক্রমণের হার আগের বছরগুলোর তুলনায় বেড়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে হাম শনাক্ত হয়েছিল ১৩২ জন, ২০২৪ সালে ২৪৭ জন, ২০২৩ সালে ২৮২ জন এবং ২০২২ সালে ৩১১ জন।

জনস্বাস্থ্যবিদ তাজুল ইসলাম এ বারী বলেন, ‘এবার বিভিন্ন দেশের মধ্যে হামে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে বাংলাদেশে। এত হামের সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড এর আগে নেই। এটা নজিরবিহীন।’