দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের। একই সময়ে নতুন করে ৭২৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং পরীক্ষায় আরও ৭০ জনের হাম নিশ্চিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতি নিয়ে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮০৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে আরও ৯৯ শিশু। এ হিসাবে হামের উপসর্গ ও নিশ্চিত রোগ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০২ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হওয়া ৭০ জনসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ৮০০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

অন্যদিকে, একদিনে আরও ৭২৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গ দেখা দেওয়া রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৭৬।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৩ হাজার ৪৯৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১৯ হাজার ৮৯ জন।