জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহম্মদ হলের আউটডোর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বৃষ্টির সময় হলের শিক্ষার্থীরা আউটডোরে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

হলের শিক্ষার্থীরা জানান, বৃষ্টির মধ্যে হঠাৎ আউটডোরের দিকে তাকিয়ে তারা এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি দ্রুত কলেজ কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়।

পানাউল্লাহ আহম্মদ হলের হল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাবের বলেন, ঘটনা জানার পরপরই তারা ঘটনাস্থলে যান। উদ্ধার হওয়া যুবক হলের কোনো আবাসিক শিক্ষার্থী নন। এখন পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতপরিচয় ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে। হলের শিক্ষার্থী বা আশপাশের এলাকার কেউ তাকে শনাক্ত করতে পারেননি।

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।