বলিউড তারকা হৃতিক রোশন ও সুজান খানের বড় ছেলে হৃহান রোশন এবার আনুষ্ঠানিকভাবে শোবিজে পা রেখেছেন। তবে বাবার পথ অনুসরণ করে অভিনয় কিংবা চলচ্চিত্র নির্মাণে নয়, সংগীতাঙ্গনের মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করেছেন তিনি।

২০ বছর বয়সী হৃহান তার প্রথম একক গান ‘দ্য হেভেনলি প্লেস’ প্রকাশ করেছেন। গানটি ইউটিউব, স্পটিফাই ও ইনস্টাগ্রামে প্রকাশের পর ইতোমধ্যে প্রশংসা পাচ্ছে।

হৃহানের নতুন কাজের প্রশংসা করেছেন তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরাও। হৃতিক রোশনের সঙ্গী সাবা আজাদ এবং সুজান খানের সঙ্গী আরসালান গোনি গানটির প্রশংসা করেছেন।

হৃতিকের বোন সুনয়না রোশন এক বার্তায় হৃহানের কঠোর পরিশ্রমের প্রশংসা করে লিখেছেন, ‘তোমার গানটি অসাধারণের চেয়েও বেশি কিছু, তোমার কণ্ঠই অনেক কিছু বলে দেয়।’

উল্লেখ্য, রোশন পরিবারের সঙ্গে সংগীতের সম্পর্ক দীর্ঘদিনের। হিন্দি সিনেমার প্রখ্যাত সংগীত পরিচালক রাজেশ রোশনের হাত ধরে এই পরিবারের সংগীত ঐতিহ্য আরও শক্তিশালী হয়েছে।