ভারতের খ্যাতিমান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে গোয়ার বাসভবনে অসুস্থ হয়ে পড়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাকে ভোর ৫টা ২০ মিনিটে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
হাসপাতাল সূত্র জানায়, নানা পাটেকর হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অচেতন হয়ে পড়েছিলেন। তাকে বাঁচাতে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দেন। তবে কোনো সাড়া পাওয়া যায়নি।
হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে প্রায় পাঁচ দশকের ক্যারিয়ারে নানা পাটেকর অভিনয় করেছেন বহু আলোচিত ও জনপ্রিয় সিনেমায়। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেতার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘পরিন্দা’, ‘নটসম্রাট’, ‘ওয়াজুদ’, ‘আব তক ছাপ্পান’ ও ‘যশোবন্ত’।
১৯৭৮ সালে ‘গমন’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হয় নানা পাটেকরের। পরবর্তী সময়ে ‘শক্তি: দ্য পাওয়ার’ (২০০২), ‘আব তক ছাপ্পান’ (২০০৪), ‘অপহরণ’ (২০০৫) এবং ‘ট্যাক্সি নম্বর ৯২১১’ (২০০৬)-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা পান।
কমেডি ঘরানার ‘ওয়েলকাম’ (২০০৭) সিনেমায় ‘উদয় শেঠি’ চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে নতুনভাবে জনপ্রিয়তা পান নানা পাটেকর। পরে ২০১৫ সালে মুক্তি পাওয়া এর সিক্যুয়েল ‘ওয়েলকাম ব্যাক’-এও একই চরিত্রে দেখা যায় তাকে।
২০১০ সালের রাজনৈতিক থ্রিলার ‘রাজনীতি’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। ২০১৬ সালে মারাঠি চলচ্চিত্র ‘নটসম্রাট’-এ অভিনয়ও ব্যাপক প্রশংসিত হয়।
অভিনয়ের পাশাপাশি ‘যশোবন্ত’ (১৯৯৭), ‘ওয়াজুদ’ (১৯৯৮) ও ‘আঁচ’ (২০০৩)-এ প্লেব্যাক শিল্পী হিসেবেও কাজ করেছেন তিনি।
সাম্প্রতিক বছরগুলোতেও অভিনয়ে সক্রিয় ছিলেন নানা পাটেকর। ২০২৫ সালে ‘হাউসফুল ৫’-এ অভিনয়ের পাশাপাশি ২০২৬ সালে ‘ও’ রোমিও’ ও ‘সুবেদার’-এও তাকে দেখা গেছে।





