সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার সময় ও পথ স্পষ্টভাবে জানানোর আহ্বান জানিয়েছেন সংসদের হুইপ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

রোববার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ‘বর্তমান সরকারের সফলতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শেখ হাসিনা কোন ডিসেম্বর দেশে ফিরবেন, তা পরিষ্কার করা উচিত। তিনি বলেন, ‘এরকম ডিসেম্বর আমাদের জীবনে বহু গেছে। বহু রোজা, ঈদ, পূজা ও বর্ষাকালও গেছে। ২০৩০ সালের ডিসেম্বর, নাকি ২০৫০ সালের ডিসেম্বর—তা পরিষ্কার করুন।’

শেখ হাসিনা কোন সীমান্ত দিয়ে দেশে ফিরবেন, সেটিও জানানোর আহ্বান জানিয়ে দুলু বলেন, জুলাই আন্দোলনে দুই হাজার ছাত্র-জনতা নিহত হয়েছেন। তাদের রক্তের দাগ এখনো শুকায়নি। ছাত্র-জনতা, জুলাইযোদ্ধা এবং গত ১৭ বছরে গুম-খুনের শিকার পরিবারসহ সবাই অপেক্ষা করছেন।

তিনি বলেন, গত ১৭ বছরের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষের বিচারের মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

হুইপ দুলু বলেন, হুমকি-ধমকি দিয়ে দেশের গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত করা যাবে না। জনগণের ম্যান্ডেট নিয়েই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের গত ছয় মাসের কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের পর থেকে প্রধানমন্ত্রী বিধ্বস্ত বাংলাদেশকে ঘুরে দাঁড় করাতে সকাল ৯টা থেকে রাত প্রায় ১২টা পর্যন্ত কাজ করছেন। তার কোনো প্রটোকল নেই বলেও দাবি করেন তিনি।

দুলু আরও বলেন, স্বাধীনতার পর তারেক রহমানই একমাত্র প্রধানমন্ত্রী, যিনি সরকারি নিয়মনীতি ও প্রটোকলের ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। অতীতে প্রধানমন্ত্রীর চলাচলের সময় সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় অপেক্ষা করতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে হুইপ বলেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং কৃষক কার্ড দেওয়া হচ্ছে। অসহায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। পাশাপাশি ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুদের সম্মানী দেওয়ার কার্যক্রমও শুরু হয়েছে বলে জানান তিনি।

গত ছয় মাসে কোনো ব্যক্তি গুম হননি বলেও দাবি করেন দুলু। তার ভাষ্য, রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখিয়ে আটক বা গুম করার ঘটনাও ঘটেনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী একটি বিধ্বস্ত দেশকে নিয়মতান্ত্রিক ব্যবস্থা ও প্রক্রিয়ার মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। গ্যাস, বিদ্যুৎসহ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে এবং ধীরে ধীরে এসব সমস্যার সমাধান হবে।

আওয়ামী লীগের মিছিল প্রসঙ্গে দুলু বলেন, ‘নামাজের সময় একটি মিছিল করেছে। ওরা নামাজও পড়ে না, আল্লাহকেও বিশ্বাস করে না।’