ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে আরও দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত হাসান শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে একই মামলায় পাঁচ দিনের রিমান্ডে ছিলেন রাকিবুল হাসান। রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. জেহাদ হোসেন পুনরায় তিন দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার দেওয়া চার মিনিট ২৯ সেকেন্ডের একটি অডিও ডিভিডিতে ধারণ করে জব্দ করা হয়েছে।

মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ওই অডিওর নমুনা কণ্ঠস্বরের সঙ্গে আসামি রাকিবুল হাসানের কণ্ঠস্বরের তুলনামূলক পরীক্ষা করার জন্য তাকে পুনরায় পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে তদন্ত কর্মকর্তা আদালতকে জানান।

এ সময় আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে রাকিবুল হাসানকে আরও দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।