ইসরাইলের দখলকৃত ভূমি মুক্ত করতে প্রতিরোধের ওপর গুরুত্ব দিয়েছেন হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম। তাঁর দাবি, ইসরাইলের আধিপত্য ও আগ্রাসন মোকাবিলার একমাত্র কার্যকর পথ হলো প্রতিরোধ।

শনিবার এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

নাঈম কাসেম বলেন, লেবানন নিজ অভিজ্ঞতার মাধ্যমে প্রতিরোধের ভূমিকা প্রত্যক্ষ করেছে। দখল করা ভূখণ্ড মুক্ত করা এবং ফিলিস্তিন ইস্যুতে এর প্রভাবও তারা দেখেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘ভূমি মুক্ত করার একমাত্র উপায় হলো প্রতিরোধ।’

হিজবুল্লাহর মহাসচিব বলেন, লেবাননে প্রতিরোধের কার্যকারিতা তারা সরাসরি প্রত্যক্ষ করেছেন। তাঁর ভাষ্য, এর মাধ্যমে ভূমি ও জনগণ মুক্ত হয়েছে এবং ‘ইসরাইলি শত্রু’ পিছু হটতে বাধ্য হয়েছে। একই সঙ্গে ফিলিস্তিন ইস্যুও নতুন করে গতি পেয়েছে বলে দাবি করেন তিনি।

নাঈম কাসেম আরও বলেন, ফিলিস্তিনের ইস্যু এখনো একটি কেন্দ্রীয় বিষয় হিসেবে রয়েছে।

সূত্র: আল জাজিরা