২০ নভেম্বর থেকে মাসের শেষ নাগাদের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। পাশাপাশি বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিধি বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে।
রোববার (১১ অক্টোবর) রোসাটমের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়া সফররত বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বৈঠক করেন রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি রূপপুর প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
লিখাচেভ জানান, রূপপুরে বিদ্যুৎ উৎপাদন শুরুর সম্ভাবনাকে ঘিরে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প আরও সম্প্রসারণের বিষয়ে আগ্রহ তৈরি হয়েছে। এ নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের সরকার ও জনগণকেই নিতে হবে।
রূপপুরের প্রথম ইউনিট থেকে কবে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ২০ নভেম্বর থেকে নভেম্বরের শেষ নাগাদ উৎপাদন কার্যক্রম শুরু হওয়ার প্রত্যাশা করছেন তাঁরা।
এর আগে চলতি বছরের ২৮ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু করে রোসাটমের প্রকৌশল বিভাগ। সংস্থাটির মতে, প্রথম ইউনিট চালুর প্রস্তুতিতে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
২০১১ সালে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত আন্তসরকারি চুক্তির আওতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে রোসাটম। প্রকল্পটিতে দুটি ইউনিটের সম্মিলিত বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। কেন্দ্রটি চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আরও বাড়বে।
রোসাটমের মহাপরিচালক এর আগে জানিয়েছিলেন, আগামী বছর রূপপুরের দ্বিতীয় ইউনিটে চালুকরণ কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
এদিকে রোসাটমের অন্যান্য পারমাণবিক প্রযুক্তি ও প্রকল্প প্রস্তাব সম্পর্কেও বাংলাদেশের আগ্রহ রয়েছে বলে জানান লিখাচেভ। তাঁর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো সম্ভাব্য প্রকল্প সম্পর্কে জানতে চেয়েছেন।
তিনি আরও জানান, অন্যান্য দেশের জন্য রোসাটমের সমন্বিত প্রযুক্তিগত প্রস্তাবের মধ্যেও এসব পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।
২০ নভেম্বর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে রূপপুরে
বাংলাদেশ২৪৭ নিউজ ডেস্ক
১১ অক্টোবর, ২০২৬
১ সপ্তাহ আগে
শেয়ার করুন:

জাতীয়
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




