তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্বের বিকেন্দ্রীকরণ ছাড়া দেশে কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন ও কার্যকরভাবে কাজ করার সুযোগ দিতে হবে। সাধারণ সেবা বা প্রয়োজনীয় কাজের জন্য মানুষকে যদি রাজধানীতে আসতে হয়, তাহলে স্থানীয় সরকার ব্যবস্থার উদ্দেশ্যই ব্যাহত হয়। জনগণ যেন নিজ নিজ এলাকাতেই প্রয়োজনীয় সেবা পায়, সেটি নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানের গ্র্যান্ড বলরুমে ‘Local Government Covid-19 Response & Recovery Project (LGCRRP)’ আয়োজিত ‘National Workshop on LGCRRP Implementation Support Mission & ULGEP Identification Mission’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো উদ্যোগের সবচেয়ে কঠিন ধাপ হচ্ছে বাস্তবায়ন। LGCRRP প্রকল্প সফলভাবে বাস্তবায়নে যুক্ত বিশ্বব্যাংক, উন্নয়ন সহযোগী এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের ধন্যবাদ জানান তিনি। তার মতে, এ প্রকল্পের সফলতা ভবিষ্যতে বিশ্বব্যাংকের সঙ্গে আরও কার্যকর নতুন প্রকল্প নেওয়ার সুযোগ তৈরি করবে।

তিনি বলেন, কোনো প্রকল্প নেওয়া ও শেষ করাই যথেষ্ট নয়। প্রকল্প বাস্তবায়ন থেকে শিক্ষা নিয়ে তা পরবর্তী উদ্যোগে কাজে লাগাতে হবে। একই সঙ্গে যাদের জন্য প্রকল্প নেওয়া হয়েছে, তাদের মধ্যে প্রকল্পটির মালিকানাবোধ তৈরি করাও জরুরি।

ঢাকামুখী মানুষের চাপ কমানোর প্রসঙ্গ তুলে ড. আবদুল মঈন খান বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও ক্ষমতাবান করতে হবে। মানুষ কেন রাজধানীতে আসে, সেই কারণগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে।

তিনি বলেন, জন্মনিবন্ধনের মতো সাধারণ সেবার জন্যও যদি প্রত্যন্ত অঞ্চলের মানুষকে মন্ত্রণালয়ে আসতে হয়, তাহলে সেটি শাসনব্যবস্থার কাঠামোগত সমস্যারই প্রতিফলন।

মন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় ক্ষমতা ও কর্তৃত্ব না পেলে সাধারণ মানুষকে সব কাজেই কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভর করতে হবে। প্রকৃত বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা গেলে প্রয়োজনীয় সেবার জন্য মানুষের ঢাকায় আসার প্রয়োজন কমে যাবে।

দেশের প্রতিটি অঞ্চলে পরিচ্ছন্ন ও সুন্দর বসবাসের পরিবেশ এবং স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে বিভিন্ন নাগরিক সেবায় স্থানীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো জরুরি বলে মন্তব্য করেন মন্ত্রী।

ড. আবদুল মঈন খান বলেন, স্থানীয় সরকার গণতন্ত্রের মৌলিক ভিত্তি। শুধু কেন্দ্রীয় পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করলেই হবে না; তৃণমূল থেকে এর ভিত্তি গড়ে তুলতে হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করার মধ্য দিয়েই একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি আরও মজবুত করা সম্ভব।

নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে নারীদের আরও বেশি সুযোগ দিতে হবে। সংরক্ষিত আসনের পাশাপাশি ভবিষ্যতে সাধারণ আসনেও পুরুষদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নারীরা যেন জনপ্রতিনিধি হিসেবে উঠে আসতে পারেন, সে সুযোগ তৈরি করা প্রয়োজন।

এতে স্থানীয় সরকার, গণতান্ত্রিক ব্যবস্থা ও নারীর ক্ষমতায়ন—তিনটি ক্ষেত্রই আরও শক্তিশালী হবে বলে মনে করেন তিনি।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকার শক্তিশালী করতে দীর্ঘদিন ধরে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও গতিশীল করা হবে এবং তৃণমূল থেকে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের প্রধান জেন পেসমি।