শাপলা চত্বর গণহত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটির বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মামলায় আসামির তালিকায় থাকা অন্য ব্যক্তিরা হলেন— সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ডা. দীপু মনি, শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।
মামলাটি ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে দায়ের করা হয়েছে। ওই দিন হেফাজতে ইসলাম ১৩ দফা দাবিতে শাপলা চত্বরে অবস্থান নেয়।
অভিযোগ অনুযায়ী, ওই রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার প্রক্রিয়া চলছে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শাপলা চত্বরের ওই ঘটনার বিচারিক কার্যক্রম নতুন করে আলোচনায় আসে এবং মামলার কার্যক্রমে গতি পায়।





