জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর পৃথক অভিযানে ইয়াবা, ভারতীয় মদ ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ ৯ জনকে আটক করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলার মালিরচর নয়াপাড়া ও গেদরা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ও ১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এ ছাড়া আইরমারী নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলার সময় তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি টাচ মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ইয়াবা উদ্ধারের ঘটনায় আটকরা হলেন— দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর বেপারী পাড়ার মো. সবুর মিয়া (২৭), শেরপুরের শ্রীবরদী উপজেলার মান্জালিয়া এলাকার মো. মামুন মিয়া (২১) এবং বকশীগঞ্জ উপজেলার কামারেরচর এলাকার মো. জুয়েল মিয়া (৩২)।

ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় আটক ব্যক্তিরা হলেন— বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর এলাকার মো. আবু তালেব (৩৫), মো. ইসমাইল (৩০) ও মো. মোরাদ মিয়া (২৩)।

অন্যদিকে অনলাইন জুয়ার ঘটনায় আটকরা হলেন— বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া পশ্চিমপাড়ার মো. ফারুক (৩৬), পুরান বাট্টা জোড় এলাকার মো. কামাল (২৮) এবং আইরমারী এলাকার মো. সামিউল (২৩)।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর অফিসার ইনচার্জ (ওসি) মো. সজীব রহমান বলেন, “মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় জেলাকে অপরাধমুক্ত করতে ডিবির এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”