লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে ১৪ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক বাধা ও কঠোর নজরদারির কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে দুই শিশু, দুই নারী ও ১০ পুরুষসহ মোট ১৪ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি বুঝতে পেরে সীমান্তে দায়িত্বরত বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের প্রবেশে বাধা দেয়।
বিজিবি সদস্যদের কঠোর অবস্থানের মুখে ওই ১৪ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা সফল হয়নি।
স্থানীয় সূত্র জানায়, বিজিবির বাধার পর ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ দূরে ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।
এ ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নতুন করে যাতে কোনো অনুপ্রবেশের চেষ্টা না হয়, সে জন্য বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম শাহীন।
তিনি বলেন, সীমান্ত দিয়ে ১৪ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়েছিল। তবে বিজিবির সতর্ক টহল দলের তাৎক্ষণিক বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
বিজিবির এই কর্মকর্তা জানান, ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।
লালমনিরহাট সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ
জেলা প্রতিনিধি
১৮ অক্টোবর, ২০২৬
১ দিন আগে
শেয়ার করুন:

সারাদেশ
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




