কারিগরি সমীক্ষা শেষ হওয়ার পর আগামী অর্থবছর থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বৃহস্পতিবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের নতুন ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিস্তা মহাপরিকল্পনার অগ্রগতি সম্পর্কে মন্ত্রী বলেন, বর্তমানে কারিগরি সমীক্ষার কাজ চলছে। সমীক্ষা শেষ হলে আগামী অর্থবছর থেকে মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করা হবে।
তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীর দুই পাড়ের প্রায় দুই কোটি মানুষের জীবনমানের পরিবর্তন ঘটবে। এর মাধ্যমে তিস্তা নদীকেন্দ্রিক দীর্ঘদিনের সমস্যার সমাধানের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার মানুষের জীবন ও জীবিকার উন্নয়নের সুযোগ তৈরি হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, ১৭ বছর ফ্যাসিবাদী শাসনব্যবস্থায় রাষ্ট্রযন্ত্রকে পঙ্গু করে দেওয়া হয়েছে। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রেও অনিয়ম ও দুর্নীতি এখনো রয়েছে। এসব বিষয় নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘জনগণ ও প্রশাসন একসঙ্গে কাজ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।’
কুড়িগ্রামের মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে জানিয়ে তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি সরকারের প্রতি মানুষের আস্থাও তৈরি হবে।
তিনি বলেন, ‘কুড়িগ্রামের মানুষের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং স্থানীয় অর্থনীতিও গতিশীল হবে।’
অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।