দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ ধরনের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে মোট ৯২৮ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৪০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৪ জনের শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। বাকি ৮৭৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মারা যাওয়া ৯২৮ জনের মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের।
একই সময়ে সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৯১ জনে। এর মধ্যে ১৮ হাজার ২০৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।





