সাজেকে চলমান উত্তেজনা ও সহিংস পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান জামায়াত আমির।
সাজেকের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, ‘রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না দৌড়িয়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’
একই সঙ্গে সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা নিয়ে কোনো ধরনের অবহেলা না করার আহ্বান জানান তিনি।
ফেসবুক পোস্টে জামায়াত আমির আরও বলেন, ‘সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই। সময় থাকতে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন।’
এর আগে সাজেক এলাকায় পাহাড়ের দুটি সশস্ত্র সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনায় ত্রিপুরা সম্প্রদায়ের এক শিশু শিক্ষার্থী আহত হয়। ওই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরবর্তী সময়ে সাজেক সড়কে একাধিকবার অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে পর্যটকদের যাতায়াত বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়।
বৃহস্পতিবার সাজেকের উজোবাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে।
সাজেকে অবস্থানরত পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিরাপত্তা বাহিনী সড়কের ব্যারিকেড সরানোর চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়।
পরে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় সাজেকে আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে খাগড়াছড়িতে পৌঁছে দেওয়া হয়।
তবে পর্যটকরা নিরাপদে ফিরলেও সাজেকের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়ে গেছে।
এমন পরিস্থিতিতে প্রকৃত ঘটনা ও সংশ্লিষ্টদের ভূমিকা সম্পর্কে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।





