আরব দেশগুলোর ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক বাহিনী ও তাদের বিমানঘাঁটি সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে এসব ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালানো হলে কঠোর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংস্থাটি।
বুধবার (২ সেপ্টেম্বর) আইআরজিসির রাজনৈতিক বিষয়ক ডেপুটি জেনারেল যাদুল্লাহ জাভানি এক বিবৃতিতে এ অবস্থানের কথা জানান।
তিনি বলেন, আরব দেশগুলোর উচিত নিজেদের ভূখণ্ড থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে দেওয়া এবং সেখানে থাকা সামরিক ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে নেওয়া।
জাভানি বলেন, ‘আমেরিকানদের তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া এবং ঘাঁটিগুলো ফেরত নেওয়াই উত্তম হবে।’
একই সঙ্গে কুয়েত, বাহরাইন, জর্ডান কিংবা অন্য কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানো হলে তার ‘চূড়ান্ত ও ধ্বংসাত্মক’ জবাব দেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
আইআরজিসি কর্মকর্তার এই বক্তব্য এমন সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা তীব্র অবস্থায় রয়েছে।
সূত্র: মিডল ইস্ট ইরান





