ভারতের দিল্লিতে সতর্কতামূলক ব্যবস্থার আওতায় গ্রেপ্তার ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছে পুলিশ।
রোববার সকালে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর তাদের মুক্তি দেওয়া হয়।
সিজেপির আইনি দলের প্রধান রত্না সিংহ জানিয়েছেন, মুক্তির শর্ত অনুযায়ী আগামী এক বছর দীপকে, সৌরভ ও আশুতোষ কোনো ধরনের ‘শান্তি ভঙ্গ’ করতে পারবেন না। এই শর্ত মেনেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
মুক্তির পর আশুতোষ রাঙ্কা জানান, রোববার স্থানীয় সময় দুপুর ২টায় তারা সংবাদ সম্মেলন করবেন।
এদিকে তিন নেতার মুক্তির পর বিবৃতি দিয়েছে ককরোচ জনতা পার্টি। বিবৃতিতে দলটি বলেছে, ‘ককরোচরা কখনো মরে না। অবশেষে দীপকে, সৌরভ ও রাঙ্কাকে ছাড়তে বাধ্য হলো দিল্লি পুলিশ।’
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল।
শনিবার সকালে দিল্লির আন্দোলনে অংশ নিতে মুম্বাই থেকে রাজধানীতে পৌঁছান তারা। বিমান থেকে নামার পরই পুলিশ তাদের আটক করে।
সূত্র: আনন্দবাজার অনলাইন