সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৯১ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। পাশাপাশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৮৬ জন।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৫ আগস্ট পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৫৭৮ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫৫৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৮১১ জন।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সন্দেহজনক হামে মোট ৮৪৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন করে কারও মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৯ জনের মৃত্যু হয়েছে।