পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। রোববার ইমরানের বোন আলিমা খানকে ৩০ দিনের জন্য আটক বা গ্রেপ্তারের নির্দেশ দেন লাহোরের ডেপুটি কমিশনার।

এর পরদিন পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম দাবি করেন, ইমরানের অপর দুই বোন উজমা খান ও নরিন খানকে তাঁদের সন্তানসহ আটক করে একটি সাঁজোয়া যানে করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে পুলিশ।

পিটিআই এ ঘটনাকে মৌলিক অধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে।

ইমরান খানের ছেলে কাসিম খানও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, তাঁর খালা ও খালাতো ভাইদের বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রবেশ করে তাঁদের জোর করে গাড়িতে তুলে নিয়ে যান। তবে তাঁদের আটকের কারণ বা কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

আগামী ২৭ সেপ্টেম্বর পাকিস্তানজুড়ে বিক্ষোভ এবং ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে পিটিআই। ইমরান খানের মুক্তি ও সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠার লক্ষ্যে জনমত গঠনের জন্য এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

এই কর্মসূচির আগে ইমরান খানের পরিবারের সদস্যদের আটক করা হয়েছে বলে দাবি করেছে তাঁর দল।

সূত্র: ডন