রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট কমানোর লক্ষ্যে ‘এক রুট, এক কোম্পানি’ পদ্ধতিতে বাস পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এই ব্যবস্থার আওতায় আগামী ১ নভেম্বর থেকে ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলকভাবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাসসেবা চালুর পরিকল্পনা রয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আয়োজিত এক সভায় নতুন বাসসেবা চালুর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সভায় বাসের রুট, পরিচালনাকারী প্রতিষ্ঠান, যানবাহনের সংখ্যা এবং নির্ধারিত স্টপেজসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) জানিয়েছে, প্রাথমিকভাবে পাঁচটি নন-এসি এবং একটি এসি রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু হবে। প্রথম পর্যায়ের কার্যক্রম শুরুর দুই মাস পর আরও তিনটি সার্কুলার রুট যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে প্রস্তাবিত ৩২টি প্রধান রুটের মধ্যে ছয়টি এবং ২৫টি সার্কুলার রুটের মধ্যে পাঁচটি চিহ্নিত করা হয়েছে।

প্রথম পর্যায়ের ছয়টি প্রধান রুট হলো গাজীপুর-ঢাকেশ্বরী মন্দির, গাবতলী-ডেমরা, দুয়ারীপাড়া-সদরঘাট, ঘাটারচর-ডেমরা, ঘাটারচর-কাঁচপুর এবং মিরপুর-১২-মাওয়া।

গাজীপুর থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত নির্ধারিত রুটের বাস শিববাড়ী, টঙ্গী, বিমানবন্দর, মহাখালী ও নিউমার্কেট হয়ে চলাচল করবে। এই রুটে বিকাশ পরিবহন, বিকাশ সেবা ট্রান্সপোর্ট ও ডিভাইস পরিবহনকে যৌথভাবে একটি কোম্পানি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

গাবতলী থেকে ডেমরা পর্যন্ত বিদ্যমান রুট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত হয়েছে। এই রুটের বাস শ্যামলী, মহাখালী, গুলশান-১ ও রামপুরা হয়ে চলাচল করবে। আলিফ এন্টারপ্রাইজ, বৈশাখী পরিবহন ও রইছ পরিবহন যৌথভাবে বাস পরিচালনা করবে।

দুয়ারীপাড়া থেকে সদরঘাট রুটের বাস শ্যামলী, সায়েন্সল্যাব ও আজিমপুর হয়ে চলবে। এ রুটে দিশারী পরিবহন, তানজিল পরিবহন, মেট্রো লিংক ও ট্রান্সসিলভা সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করবে।

এ ছাড়া কাঁচপুর পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাব থাকা ১৬ নম্বর রুটের ব্যবস্থাপনাও এই কার্যক্রমের সঙ্গে অন্তর্ভুক্ত থাকবে।

অন্যদিকে ঘাটারচর থেকে ডেমরা রুটের বাস মোহাম্মদপুর, শাহবাগ ও রামপুরা হয়ে চলাচল করবে। ঘাটারচর থেকে কাঁচপুরগামী বাস শাহবাগ, পল্টন ও সাইনবোর্ড হয়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছাবে।

এই দুটি রুটে রমজান পরিবহন, মালঞ্চ পরিবহন, মিডলাইন পরিবহন ও রজনীগন্ধা পরিবহনকে সমন্বিতভাবে বাস পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

মিরপুর-১২ থেকে মাওয়া পর্যন্ত নির্ধারিত রুটে বাস চলবে ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান ও কেরানীগঞ্জ হয়ে। এ রুটে স্বাধীন পরিবহন, বিহঙ্গ পরিবহন, বিকল্প পরিবহন ও শিকড় পরিবহন পরিচালনার অনুমোদন পেয়েছে।

নতুন বাসসেবা চালুর প্রস্তুতির অংশ হিসেবে ডিএমপি এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে নির্ধারিত বাসস্টপ চিহ্নিত করা, যাত্রীদের জন্য টিকিট কাউন্টার স্থাপন, ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ এবং অনুমোদনহীন ব্যাটারিচালিত রিকশা সরিয়ে দেওয়া।

পাশাপাশি সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশের সহায়তায় ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ডিটিসিএ।

সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য একই রুটে একাধিক কোম্পানির বাসের প্রতিযোগিতামূলক চলাচল কমিয়ে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে গণপরিবহন পরিচালনা করা।

পরিকল্পনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হলে নির্ধারিত রুটগুলোতে নতুন পদ্ধতির বাসসেবা পরিচালনার কার্যকারিতা মূল্যায়নের সুযোগ তৈরি হবে।