প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট তরুণরা পরিবর্তনের সূচনা করেছিল। এবার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তেও তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণ সমাজ চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না হলেও ৮০ শতাংশ পর্যন্ত ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব। আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।
তিনি বলেন, দেশের বড় একটি অংশ তরুণ জনগোষ্ঠী। স্কাউটস, বিএনসিসি, স্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি দেশ পরিবর্তনের লক্ষ্যে একসঙ্গে কাজ করে, তাহলে তা সম্ভব।
প্রধানমন্ত্রী বলেন, “প্রতি সপ্তাহে এক ঘণ্টা নিজের আশপাশ পরিষ্কার করি। রাস্তাঘাটে যত্রতত্র ময়লা না ফেলি। দেশটা সবাই মিলে গড়তে হবে।”
তিনি আরও বলেন, নিজেকে সুস্থ রাখার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
তারেক রহমান বলেন, দেশ পুনর্গঠনের দায়িত্ব এখন তরুণদেরও নিতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম ও ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল আলম খান মিল্টন বক্তব্য দেন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ডেঙ্গু সচেতনতা নিয়ে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।





