রাজধানীর বারিধারায় ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। তার আইনজীবী জানিয়েছেন, এ আদেশের ফলে বিদিশার কারামুক্তিতে আর কোনো বাধা নেই।
বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ জামিন আদেশ দেন।
আদালতে বিদিশার পক্ষে শুনানি করেন আইনজীবী ফজলুর রহমান খান ও মাসুদ মিয়া।
মামলার তথ্য অনুযায়ী, রাজধানীর গুলশানের বারিধারা এলাকায় ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার দিন বিদিশা আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়। ওই পরোয়ানার ভিত্তিতে গত ২৫ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালত।
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশার বিরুদ্ধে ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি মামলাটি করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন।





