আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর লিওনেল মেসির প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
এএফএ জানিয়েছে, জাতীয় দলের সাবেক অধিনায়কের অবদানের স্বীকৃতি হিসেবে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের পরবর্তী রাউন্ডের ম্যাচগুলোতে বিশেষ ট্রিবিউট দেওয়া হবে।
সংস্থাটির সিদ্ধান্ত অনুযায়ী, আর্জেন্টিনার পুরুষ ও নারী ফুটবলের সব স্তরের ঘরোয়া লিগ এবং বয়সভিত্তিক প্রতিযোগিতায় ম্যাচের প্রথমার্ধের ১০ম মিনিটে খেলা সাময়িকভাবে বন্ধ রাখা হবে। মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সির প্রতি সম্মান জানাতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ।
ওই সময় মাঠে থাকা খেলোয়াড় ও স্টেডিয়ামের দর্শকরা এক মিনিট করতালির মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে মেসির অবদানকে স্মরণ করবেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিদায়ী বার্তায় মেসি জানান, জাতীয় দলের হয়ে তিনি নিজের সর্বোচ্চটা দিয়েছেন এবং দীর্ঘ চিন্তাভাবনার পর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন।
মেসি বলেন, জাতীয় দলে জায়গা পাওয়ার মতো অনেক প্রতিভাবান তরুণ খেলোয়াড় এখন উঠে আসছে।
আর্জেন্টিনার হয়ে ২০৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে রেকর্ড ১২৫ গোল করেছেন মেসি। তার নেতৃত্বে আর্জেন্টিনা ২০২২ সালের ফিফা বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকার শিরোপা জেতে।





