প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তেজগাঁও থানা শ্রমিক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা কাশেমের’ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন কাশেমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আবদুল হান্নান তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মনির হোসাইন সুমন রিমান্ড আবেদন বাতিল করে জামিন চান। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত কাশেমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১৭ আগস্ট রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে কাশেমকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৮ আগস্ট আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে ২০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। সেদিন আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানির জন্য ২৫ আগস্ট দিন ধার্য করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণায় অংশ নেন খালেদা জিয়া। এ সময় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়া এবং হত্যার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় গাড়ি ভাঙচুরের পাশাপাশি কয়েকজন আহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ২২ আগস্ট শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করে তেজগাঁও থানায় মামলা করা হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।