বিদ্যুৎ খাতে গ্রাহকদের দীর্ঘদিনের ভোগান্তি ‘ভৌতিক বিল’ সমস্যা স্থায়ীভাবে সমাধানে সারা দেশে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপনের ওপর গুরুত্ব দিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে এক বক্তব্যে তিনি বলেন, দেশের সব এলাকায় এখনো স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন করা সম্ভব হয়নি। তবে সর্বত্র এই মিটার স্থাপন করা গেলে বিল সংক্রান্ত সমস্যাগুলো কার্যকরভাবে দূর করা সম্ভব হবে।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, “আমরা যদি সব জায়গায় স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন করতে পারি, তাহলে বিল সংক্রান্ত সমস্যাগুলো কার্যকরভাবে কখনো থাকবে না।”
এই সমস্যা স্থায়ীভাবে সমাধানে নিজ নিজ এলাকায় স্মার্ট প্রিপেইড মিটার স্থাপনের কাজে সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করেন তিনি।
ভৌতিক বিলের অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, গ্রাহকদের অভিযোগ দ্রুত সমাধানে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। আগের তুলনায় বর্তমানে এ ধরনের অভিযোগের পরিমাণ অনেক কমে এসেছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, অভিযোগ গ্রহণ ও সমাধানের জন্য প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং গ্রাহক সেবা কেন্দ্রে আলাদা ডেস্ক স্থাপন করা হয়েছে। সেখানে হটলাইন নম্বর চালু করা হয়েছে এবং একজন নির্দিষ্ট কর্মকর্তাকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে গ্রাহকরা সহজে সেবা পান।
প্রতিমন্ত্রী আরও বলেন, আলোচনার মাধ্যমে অনেক অভিযোগের যৌক্তিক সমাধান করা সম্ভব হয়েছে। তবে কিছু বিচ্ছিন্ন ত্রুটি বা সমস্যা এখনো থাকতে পারে। এসব সমস্যার স্থায়ী সমাধানের জন্য সর্বত্র স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন নিশ্চিত করাই সবচেয়ে কার্যকর উপায়।





