বাংলাদেশ সম্পর্কে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মধ্যে যে ভুল ধারণা ছিল, তা দূর হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (১১ অক্টোবর) তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত আইপিইউর ১৫৩তম সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরে তিনি এ মন্তব্য করেন।

এর আগে গত ৫ অক্টোবর আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
একই দিন আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের প্রতিনিধি হিসেবে সংস্থাটির নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি।
আইপিইউর গুরুত্বপূর্ণ দুটি পদে বাংলাদেশের প্রতিনিধিত্ব আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে দেশের জন্য উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।
স্পিকারের নেতৃত্বে তানজানিয়া সফরে অংশ নেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু। প্রতিনিধি দলে আরও ছিলেন সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ ই সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।
সফর শেষে স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধি দল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুইয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁদের স্বাগত জানান জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি সদস্যদেশ রয়েছে। এই গ্রুপের চেয়ারম্যান পদে বাংলাদেশের স্পিকারের দায়িত্ব গ্রহণের ফলে আন্তর্জাতিক সংসদীয় পরিসরে বাংলাদেশের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।