আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার প্রেক্ষাপটে দেশে সম্প্রতি বাড়ানো জ্বালানি তেলের মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বর্তমানে নিম্নমুখী। এর মধ্যে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতি বৃদ্ধি এবং জ্বালানি সংকটে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে বেকারত্ব বাড়ায় অস্থির পরিস্থিতি বিরাজ করছে বলে দাবি করেছে সংগঠনটি।

এ অবস্থায় নতুন সরকার সংকট মোকাবিলায় মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে দায়িত্ব গ্রহণের সাত মাসের মধ্যে দুই দফা জ্বালানির দাম বাড়িয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এর ফলে যাতায়াত, যোগাযোগ, পণ্য ও যাত্রী পরিবহন এবং শিল্প উৎপাদনের ব্যয় ও ভাড়া বাড়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলেও দাবি করা হয়।

সংগঠনটি এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জরুরি ভিত্তিতে জ্বালানি তেলের বাড়তি মূল্য প্রত্যাহার এবং আগের দাম বহাল রাখার দাবি জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, জনস্বার্থে সরকারের কোথাও ব্যবসা করা এবং কোথাও ভর্তুকি দেওয়ার বিষয়টি বাস্তবতার অংশ। দেশের আর্থিক সংকটের সময়ে জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে অর্থনীতি সচল রাখা এবং মূল্যস্ফীতি কমানোর মাধ্যমে সংকটাপন্ন মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেন মো. মোজাম্মেল হক চৌধুরী।