প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় তথ্যমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মন্ত্রিসভা সম্প্রসারণের অংশ হিসেবে আরও কয়েকজন নতুন সদস্য যুক্ত হচ্ছেন। আলোচনায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
সূত্রের ভাষ্য, নতুন করে যুক্ত হতে যাওয়া চারজনের মধ্যে তিনজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কয়েকজনের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। তাদের শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে।
আন্দালিব রহমান পার্থের মন্ত্রিসভায় যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদ। তিনি জানিয়েছেন, মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য পার্থ ফোন পেয়েছেন।
আব্দুল মতিন সাউদের ভাষ্য, পার্থ নিজেই তাকে বিষয়টি জানিয়েছেন। তবে তাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
সংশ্লিষ্ট সূত্র অবশ্য দাবি করেছে, পার্থকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শপথ গ্রহণের পর নতুন মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।





