পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সঙ্গে ছিলেন স্ত্রী ইসরাত জাহান মালিহা, স্ত্রীর ছোট বোন লায়লা জাহান নাবিলাসহ স্বজনেরা। কিন্তু ছুটি কাটাতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রীসহ একই পরিবারের ছয়জনকে হারিয়েছেন তিনি। দুইতলা থেকে লাফিয়ে প্রাণে বেঁচেছেন আশিকুল। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকত এলাকায় মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন কাঠের তৈরি একটি রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে।
আশিকুল ইসলামের ছোট ভাই নাম প্রকাশ না করার শর্তে জানান, পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন তাঁর ভাই। আগুন লাগার পর ভবনের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে তিনি প্রাণে বাঁচতে সক্ষম হন। তবে তাঁর স্ত্রী, স্ত্রীর বোনসহ পরিবারের ছয়জন মারা গেছেন।
ভাইয়ের পরিবারের এমন মর্মান্তিক ঘটনার খবর পেয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেওয়ার কথা জানান তিনি।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ৭টার দিকে রিসোর্টটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধার কার্যক্রম শুরু হয়।
শনিবার বেলা সোয়া ২টার দিকে ফায়ার সার্ভিসের কক্সবাজারের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আরও মরদেহ থাকার আশঙ্কা রয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
নিহত ১০ জনের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী শিশু ফায়িজান আহম্মেদ।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুবক্তগীন মাহমুদ সোহেল নিহত ছয়জনের পরিচয় নিশ্চিত করেছেন।
এদিকে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ছয়জন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁরা হলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তাঁর স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।
এ ঘটনায় নিহত অন্য চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
কক্সবাজারে রিসোর্টে আগুনে একই পরিবারের ৬ জনসহ নিহত ১০
বাংলাদেশ২৪৭ নিউজ ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৬
২ দিন আগে
শেয়ার করুন:

সারাদেশ
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




