চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ধাপে ধাপে ইউপি নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই অনেক কিছু দেখবেন এবং অনেক কিছুই আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারব। কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ খুব দ্রুত গতিতে চলছে সেগুলো শেয়ার করব।”
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে। জাতীয় সংসদ নির্বাচনে প্রবর্তিত কয়েকটি বিধান স্থানীয় সরকার নির্বাচনেও রাখা হয়েছে।
নির্বাচনের সময় নির্ধারণে শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক, বৃত্তি, টেস্ট ও প্রি-টেস্ট পরীক্ষার সময় বিবেচনায় নেওয়া হচ্ছে। কারণ, নির্বাচনের ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহারের পাশাপাশি ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে শিক্ষকদের দায়িত্ব পালন করতে হয়।
নির্বাচন কমিশনার বলেন, “আমরা আশা রাখি এই পরীক্ষার সময়গুলো বাদ দিয়ে আগে বা পরে আমরা নির্বাচনের তারিখ নির্ধারণ করব। যতটুক সম্ভব সেটাকে আমরা ওইভাবে শিডিউলে নিয়ে আসব। তবে সুনির্দিষ্টভাবে আমি দিনক্ষণ তারিখ এই মুহূর্তে বলতে পারব না, একটু সময় দিতে হবে। আমরা কাজ করছি। অচিরেই জানানো হবে।”
নির্বাচনে নিরাপত্তা জোরদারে সিসিটিভি, বডি ওর্ন ক্যামেরা ও ড্রোন ব্যবহারের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে ভুল তথ্য ও মিসইনফরমেশন মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।





