পাবনার আটঘরিয়া উপজেলায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চন্ডীপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আদম আলী শাটগাছা গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তিনি আলোচিত তমা হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামিও ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে একদন্ত হাট থেকে বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চন্ডীপাশা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে।

একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে গুলি করা হয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর হামলাকারীরা পালিয়ে যায়।

আটঘরিয়া থানার ওসি মো. নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের কারণ এবং কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।