আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তবে ওই সভায় ভোটের তারিখ চূড়ান্ত করা হয়নি।

ইসি সানাউল্লাহ বলেন, বিভিন্ন পরীক্ষা ও অন্যান্য বিষয় বিবেচনায় ভোটের সম্ভাব্য সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। প্রয়োজনে নির্বাচনের ধাপও কমানো হতে পারে। তবে আগামী বছরের ৬ জুনের আগেই ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে পরীক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে, যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে। যত দ্রুত সম্ভব ভোটের চূড়ান্ত তারিখ জানানো হবে।

নির্বাচন কমিশনার আরও বলেন, নভেম্বর ও ডিসেম্বরে পরীক্ষা রয়েছে। জানুয়ারিতে সময় পাওয়া যাবে। তবে এ সময় রোজা থাকবে। এ বিষয়ে আরও কয়েক দফা আলোচনা করা হবে এবং কমিশন সভায় ভোটের তারিখ চূড়ান্ত করা হবে।