রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে শাহ আলী থানা পুলিশ। তবে ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চারজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন ওসি। তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা অর্থের বিনিময়ে হামলায় অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে।
তবে ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকার পরও কেন কাউকে ঘটনাস্থল থেকে আটক করা হয়নি—এমন প্রশ্নের কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি তিনি।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে রাত ২টার মধ্যে মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, মুখোশ পরা ২০০ থেকে ২৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। তারা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ক্লিনিকের ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায়।
রাড্ডা কর্তৃপক্ষের দাবি, পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা ক্ষতিগ্রস্ত করা হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, হামলাকারীরা ওষুধ, ভ্যাকসিন, সরকারি টিকাদান কর্মসূচির রেজিস্টার ও নথিপত্র, পরিবার পরিকল্পনা সামগ্রী, আলট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, ফ্রিজ, এসি এবং নগদ টাকা নিয়ে যায়। এতে মোট ক্ষতির পরিমাণ দেড় কোটি টাকার বেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেন। মামলায় মিরপুরের বিএনপি নেতা মো. হানিফ মিয়ার নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মামলায় অনধিকার প্রবেশ, চুরি, হুমকি এবং দেড় কোটি টাকার বেশি ক্ষতির অভিযোগ আনা হয়েছে। তবে হানিফ মিয়া এ ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।
ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এর আগে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম জানিয়েছিলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উৎসুক জনতাকে দেখতে পায় এবং মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরে তিনি জানান, ভাঙচুরের সময় পুলিশ ঘটনাস্থলে ছিল।
পুলিশের উপস্থিতির মধ্যেও কীভাবে বড় পরিসরে ভাঙচুর ও স্থাপনা ধ্বংসের ঘটনা ঘটল এবং কেন তখন কাউকে আটক করা হয়নি—এ বিষয়ে জানতে চাইলে ওসি বিস্তারিত ব্যাখ্যা দেননি।
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, কোনো জায়গা বা স্থাপনা নিয়ে বিরোধ থাকলে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯৭৬ সাল থেকে প্রতিষ্ঠানটি সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনা করে আসছে। সেখানে সরকারি ইপিআই কর্মসূচিও পরিচালিত হতো।
মিরপুরে রাড্ডা সেন্টারে হামলা: চারজন গ্রেপ্তার, পুলিশের উপস্থিতি নিয়ে প্রশ্ন
ডেস্ক রিপোর্ট
২৬ সেপ্টেম্বর, ২০২৬
৩ সপ্তাহ আগে
শেয়ার করুন:

জাতীয়
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




