লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পাশাপাশি অবৈধ অস্ত্রের তথ্য দিয়ে উদ্ধারে সহায়তা করলে ১০ হাজার টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলেও জানান তিনি।
শনিবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত তিন মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সরঞ্জামের চাহিদার বিষয়গুলো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ সদস্যদের প্রয়োজনীয় সহায়তা ও সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, ধীরে ধীরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।





