মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেবেন তিনি।
সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান ইশরাক হোসেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’
পদত্যাগের ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষের উচ্ছ্বাস প্রকাশের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
এ বিষয়ে ইশরাক হোসেন বলেন, ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে যারা তার পদত্যাগে উচ্ছ্বাস প্রকাশ করছেন, তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে আন্দোলনে অংশ নেবেন বলে তিনি আশা করেন।
প্রতিমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেও রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার কথা জানিয়েছেন বিএনপির এই নেতা।
ইশরাক হোসেন বলেন, সংসদ সদস্য কিংবা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন তিনি।
একই সঙ্গে চলমান পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার করার পরিকল্পনার কথাও জানান তিনি।
এ ছাড়া দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনা রয়েছে বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেন ইশরাক।
মাদকবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে পোস্টের শেষে তিনি লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’





