রাষ্ট্রের মৌলিক ও কাঠামোগত সংস্কার বাধাগ্রস্ত করতে সরকার সংবিধান সংশোধন কমিটির নামে লোকদেখানো কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, এনসিপি কোনো দায়সারা বা কসমেটিক সংস্কার নয়, বরং রাষ্ট্রের মৌলিক ও গুণগত পরিবর্তন নিশ্চিত করতে চায়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।

তিনি বলেন, সারাদেশে চাঁদাবাজি, দখলবাজি ও জুলুমের বিরুদ্ধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণের প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, বিশ্বমঞ্চে দেওয়া ওই বক্তব্যে দেশের সাধারণ মানুষের মূল সমস্যা ও প্রত্যাশার প্রতিফলন ঘটেনি।

তিনি আরও বলেন, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের জন্য কার্যকর সংস্কার প্রয়োজন। এ ক্ষেত্রে কোনো ধরনের আনুষ্ঠানিক বা সীমিত পরিবর্তন জনগণের প্রত্যাশা পূরণ করবে না।