ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হচ্ছে। জাতীয় ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন বিভিন্ন বিষয়ে আলোচনার সম্ভাবনায় এবারের অধিবেশনকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, এবারের অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিরোধী দলের কাছ থেকে সদস্যদের তালিকা পাওয়ার পর কমিটিগুলো চূড়ান্ত করা হবে।

তিনি জানান, অধিবেশনটি সাধারণত ৫, ৭ অথবা ১০ দিনের মতো সংক্ষিপ্ত হতে পারে। তবে প্রয়োজন হলে পরিস্থিতি বিবেচনায় এর সময়সীমা বাড়ানো হতে পারে।

এদিকে সংসদ অধিবেশন ঘিরে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংসদ এলাকা এবং এর চারপাশে সভা-সমাবেশ, মিছিল ও সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করেছে প্রশাসন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অধিবেশন চলাকালে সবাইকে নিরাপত্তাবিধি মেনে চলতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইন অমান্যের ঘটনা ঘটলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।