শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরতে শুরু করেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে ব্যাংকটির আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

প্রথম দিনে টাকা ফেরতের জন্য আবেদন করা প্রায় ৬ হাজার গ্রাহককে ২৫০ কোটি টাকা ফেরত দিয়েছে ব্যাংকটি। একই সঙ্গে অনলাইনে অর্থ স্থানান্তর কার্যক্রমও শুরু হয়েছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। তবে নতুন ব্যাংক গঠনের পরও একীভূত পাঁচ ব্যাংকের শাখাগুলো এখনো আলাদাভাবে পরিচালিত হচ্ছে। এসব ব্যাংকের মোট শাখা রয়েছে ৭৬১টি।

এর আগে ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত আমানত ফেরতের জন্য গ্রাহকদের কাছ থেকে আবেদন নেওয়া হয়। আমানতকারীদের অর্থ ফেরত দিতে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

নির্ধারিত সময়ে ৭৪ হাজার আমানতকারী মোট ৩ হাজার ৯২৫ কোটি টাকা ফেরতের জন্য আবেদন করেন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের টাকা ফেরত দিতে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা হয়েছে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবেদুর রহমান সিকদার বলেন, আবেদন করা সব গ্রাহকের টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছে। তবে প্রথম দিনে অনেক গ্রাহক টাকা তুলতে আসেননি। কেউ কেউ টাকা ব্যাংকেই রাখার কথা জানিয়েছেন, আবার অনেকে উত্তোলনের পর পুনরায় জমা করেছেন।

২০২৪ সালের আগস্টে সংকটে থাকা পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়। এর আগে এসব ব্যাংকে বড় ধরনের ঋণ অনিয়মের অভিযোগ ওঠে। আর্থিক সংকটের কারণে ব্যাংকগুলো গ্রাহকদের টাকা ফেরত দিতে সমস্যায় পড়েছিল।