ইরানের বিরুদ্ধে নতুন করে আরও বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন ভবিষ্যতে কী ব্যবস্থা নেয়, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। একই সঙ্গে তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
বুধবার (১৪ অক্টোবর) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে ট্রাম্পের এসব বক্তব্য তুলে ধরা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের ওয়াসিলায় এক নির্বাচনী জনসভায় ইরান প্রসঙ্গে কথা বলেন ট্রাম্প। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে ওই সমাবেশের আয়োজন করা হয়।
সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পরবর্তী সময়ে কী পদক্ষেপ নেয়, তা দেখার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। তার বক্তব্যে তেহরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যায়।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান যাতে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে না পারে, সেটিই তার প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের বিরুদ্ধে বড় ধরনের নতুন সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এবং ইসরায়েলের অভ্যন্তরীণ নির্বাচনের আগেই সম্ভাব্য সামরিক অভিযান পরিচালনার বিষয়টি দুই নেতার আলোচনায় উঠে আসে।
তবে এর আগে ট্রাম্প প্রকাশ্যে জানিয়েছিলেন, আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নতুন কোনো হামলা চালাবে না যুক্তরাষ্ট্র।
এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনের আগে হামলা না চালানোর ওই ঘোষণা দেওয়ার আগেই ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে আলোচনা হয়েছিল।
ইরানের বিরুদ্ধে নতুন অভিযানের বিষয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এর মধ্যেই আলাস্কার নির্বাচনী সমাবেশে ইরানের বিরুদ্ধে আরও পদক্ষেপের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরানে আরও বড় হামলার ইঙ্গিত ট্রাম্পের, নেতানিয়াহুর সঙ্গে আলোচনার খবর
ইন্টারন্যাশনাল ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৬
৫ দিন আগে
শেয়ার করুন:

আন্তর্জাতিক
বিষয়:ডোনাল্ড ট্রাম্প
মতামত(0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে অ্যাকাউন্ট প্রয়োজন
সংবাদে মতামত প্রকাশ করতে অনুগ্রহ করে নিবন্ধন (Registration) অথবা লগইন করুন।




