ইসলাম ধর্ম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুলেছেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। তিনি জানিয়েছেন, ইসলাম গ্রহণের বিষয়ে ছড়িয়ে পড়া খবর সত্য নয়।

রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি ফুটবলার সৌদি আরবের সংবাদপত্র ‘ওকাজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “ইসলামের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। আমার স্ত্রীকে নামাজ পড়তে দেখা চমৎকার লাগে। তবে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি-এমন যে গুজব ছড়িয়ে পড়েছে, তা সত্য নয়।”

এর আগে মরক্কোর নাগরিক সুহাইলা আল-তাহিরিকে বিয়ের পর রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন-এমন খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তি শেখ জিহাদ হামাদের সঙ্গে সাক্ষাতের পর প্রায় চার সপ্তাহ আগে শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করেন ৫৩ বছর বয়সী কার্লোস।

এই দাবির পক্ষে তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্য আলি শাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টও আলোচনায় আসে। তিনি দাবি করেছিলেন, ব্রাজিল সফরের সময় শেখ জিহাদ হামাদের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং শেখ তাকে রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের বিষয়ে জানিয়েছিলেন।

তবে রবার্তো কার্লোস এসব দাবিকে গুজব হিসেবে উল্লেখ করেছেন।

বিয়ের অনুষ্ঠান নিয়ে তৈরি হওয়া আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, “উদযাপনটি একাধিকভাবে আয়োজন করা হয়েছিল। পরিবারের সদস্যদের বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আমরা আগ্রহী ছিলাম, কারণ তারা ক্যাথলিক। পাশাপাশি আমার স্ত্রী এবং তার মুসলিম বন্ধুদের উপযোগী আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।”